মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (IRIB) বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আরাগচির নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল বাগদাদ সফর করছে। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।
আইআরআইবির তথ্য অনুযায়ী, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম বৈঠক শনিবার ও রোববার বাগদাদে অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—শান্তি ও টেকসই অগ্রগতির ভিত্তি হিসেবে সংলাপ ও সংহতি।
মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং ইয়েমেনে সংঘাতের বিস্তার আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সংঘাতের প্রভাব আন্তর্জাতিক তেলের বাজারেও পড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে স্থির হয়, যা আগের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪১ ডলারে পৌঁছায়।
মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।