ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ১০০ বিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই চাপছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় সানচেজ বলেন, যারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের আশঙ্কাই সত্য হয়েছে। যুদ্ধের বিরোধিতা করে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’
এ ছাড়া শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা শুধু আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দিক থেকেই সঠিক ছিলেন না, বরং এর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির বিষয়েও তাদের আশঙ্কা যথার্থ প্রমাণিত হয়েছে।
সানচেজের ভাষায়, ‘শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে।’
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে বলেও জানান তিনি। এ উদ্যোগের লক্ষ্য ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সহায়তা করা।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।’
যুদ্ধের কারণে ইউরোপে সৃষ্ট অর্থনৈতিক চাপ কমাতে দ্রুত সংঘাতের অবসান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সানচেজ।