সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। হুথিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সেখানে জোটটি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।