ইয়েমেনে ২৪ ঘণ্টার ব্যবধানে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি বাহিনীর সামরিক সূত্র।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেই এক বিবৃতিতে জানান, সানা, হুদেইদাহ, তাইজ ও মারিবসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রদেশে এ হামলা চালানো হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন। দেশের অবকাঠামোর ওপরও এর বড় ধরনের প্রভাব পড়েছে।
সারেই আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে ২,৬৫২টি সৌদি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা রেকর্ড করা হয়েছে। তবে এই অভিযোগ ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা