‘পদত্যাগের প্রশ্নই ওঠে না’: প্রতিমন্ত্রী ইশরাক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া সংক্রান্ত প্রচারিত খবরটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন যে, সরকারের উচ্চপর্যায় থেকে পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। তাই তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

মূলত একটি মহল রাজনৈতিক সুবিধা হাসিল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন কাল্পনিক তথ্য ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে।

গত শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী একটি কর্মসূচি চলাকালে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছিল, যা নিয়ে তিনি আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের গুজব ছড়ানোকে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি হিসেবে অভিহিত করে এ জাতীয় অপপ্রচারে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি যেসব গণমাধ্যম ভুল তথ্য পরিবেশন করেছে, তাদের অবিলম্বে খবরটি প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে; অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত