হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের একাধিক দূতাবাস।

নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাসগুলো বলেছে, মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতিতে সতর্কতা বাড়ানো প্রয়োজন।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের চলমান হামলার প্রসঙ্গ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে, সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকার বাইরেও পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

মধ্যপ্রাচ্যের ১২টি দেশকে এই সতর্কবার্তার আওতায় রাখা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ইয়েমেন ও ইরান।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং ভ্রমণের ক্ষেত্রে সম্ভাব্য বিঘ্নের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা