নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকেরা তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এফআইআই ইনস্টিটিউট। আগামী বছর সম্মেলনটি কবে অনুষ্ঠিত হবে, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবছর এ সম্মেলনে অংশ নেন। আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসায়িক আলোচনার গুরুত্বপূর্ণ আয়োজন হওয়ায় এটি ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বা ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত। আয়োজকেরা শুরুতে সম্মেলনটি অনলাইনে আয়োজনের সম্ভাবনাও বিবেচনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত পুরো আয়োজন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সম্মেলনের দশম আসর উল্লেখ করে তিনি বলেন- আয়োজকেরা এমন একটি আয়োজন নিশ্চিত করতে চান, যা হবে পূর্ণাঙ্গ, উচ্চমানের ও স্মরণীয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের হামলার খবর সামনে এসেছে। রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার অভিযোগের কারণে দেশটিতে ভ্রমণ ও বড় আন্তর্জাতিক আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে হুথিদের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সৌদি আরব অতীতে ইয়েমেনের সরকারের পক্ষে সামরিক জোটের নেতৃত্ব দিয়েছে। এই বিরোধের প্রেক্ষাপটে সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার ঘটনা ঘটেছে।