পারস্য উপসাগরীয় জলপথে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪০টির বেশি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পারস্য গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)। একই সঙ্গে নিয়ম না মানা জাহাজের তালিকায় এখন পর্যন্ত ১২২টি জাহাজের নাম যুক্ত করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির (এমএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির প্রকাশিত তথ্যমতে, তালিকা থেকে বাদ পড়তে বা তালিকাভুক্তি এড়াতে ১৯টি জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। এ ছাড়া নিজেদের ওপর আরোপিত শর্ত পূরণ করে দুটি জাহাজ তালিকা থেকে নাম প্রত্যাহারে সম্মত হয়েছে।
পিজিএসএ জানিয়েছে, সতর্কবার্তা পাওয়ার পরও যেসব জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে না, এমন প্রায় ৩০টি জাহাজকে তালিকায় যুক্ত করা হতে পারে।
তবে জাহাজগুলো স্বেচ্ছায় নিজেদের লঙ্ঘনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নিয়ম না মানা জাহাজের তালিকায় অন্তর্ভুক্তির ফলে সংশ্লিষ্ট জাহাজের পরিচালনা ও ওই জলপথে চলাচলের ক্ষেত্রে কী ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে, তা প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। কোন নিয়ম লঙ্ঘনের কারণে জাহাজগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে, সে বিষয়েও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
এ ছাড়া পিজিএসএ কোন আইনি বা প্রশাসনিক ক্ষমতাবলে ব্যবস্থা নিচ্ছে, তা স্বাধীনভাবে যাচাই করার মতো তথ্যও প্রতিবেদনে উল্লেখ নেই।
ট্রাম্পের সমর্থন নামলো ৩১ শতাংশে
'যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষা করবে ইরানের সামরিক বাহিনী'