মিয়ানমারে বন্দি নোবেলজয়ী ও দেশটির সাবেক নেত্রী অং সান সু চির কাছে দুটি বই ও একটি সিলগালা করা চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সোমবার (১৯ অক্টোবর) মিয়ানমারের সামরিক সরকারের কর্মকর্তারা উপহারগুলো সু চির কাছে পৌঁছে দেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজা চার্লসের পাঠানো বই দুটির একটি ব্রিটিশ বাগান বিশেষজ্ঞ ব্রিজেট এলওয়ার্দি ও হেনরিয়েটা কোর্টোল্ডের লেখা ‘সয়েল টু টেবিল’। অন্যটি গত বছর লন্ডনে আয়োজিত একটি প্রদর্শনীর ক্যাটালগ, যার নাম ‘সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট’। ধর্ম ও প্রকৃতিবিষয়ক বই পড়তে আগ্রহী ৮১ বছর বয়সী সু চির জন্য বই দুটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে সিলগালা করা চিঠিতে কী লেখা রয়েছে, তা প্রকাশ করা হয়নি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। পরে বিভিন্ন মামলায় তাঁকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জুনে তাঁকে কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত আগস্টে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের সঙ্গে সু চির সাক্ষাতের ছবি প্রকাশিত হয়। লন্ডনে অবস্থানরত তাঁর ছেলে কিম অ্যারিসের কাছে ছবিগুলো পৌঁছানোর পর সেগুলো প্রকাশ্যে আসে। ছবির মাধ্যমে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। তবে সু চির সঙ্গে আইসিআরসির প্রতিনিধিদের সাক্ষাতের ছবি প্রকাশ করা হলেও তাঁর শারীরিক অবস্থা কিংবা বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বিবিসি।