ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঘিরে সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তিতে রাজধানী জাকার্তায় বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মোকাবিলায় শহরজুড়ে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকট, শেয়ারবাজারের দরপতন ও পরিবেশগত সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। তবে এতে কতজন অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।

ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের বড় দরপতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নের প্রতিবাদ জানাবেন। তাঁদের মতে, এসব ঘটনা জাতীয় অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে সরব হয়েছে। মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে সংগঠনটি এসব দাবি জানায়।

২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেও তাঁর বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির প্রভাব নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে প্রাবোওর প্রতি জনসমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি বছরের অক্টোবরে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা জরিপে তাঁর সর্বনিম্ন সমর্থন।

এর আগে গত আগস্টে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভের পর শত শত মানুষকে আটক করা হয়েছিল। ২০২৫ সালে এক মোটরসাইকেলচালক পুলিশের হাতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেও দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।

সূত্র: রয়টার্স।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত