শক্তিশালী ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল চীনের তিব্বত অঞ্চল। একই রাতে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানায়, বৃহস্পতিবার রাতে ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এর উৎপত্তিস্থল ছিল, যার গভীরতা ছিল ১৭৩ কিলোমিটার।
প্রথম কম্পনের ঠিক ৩৯ মিনিট পর একই অঞ্চলে ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ১৫ কিলোমিটার গভীরতার এই কম্পনটির কেন্দ্রস্থল ছিল বাসারের ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে।
একই সময়ে চীনের অন্য একটি অঞ্চলেও ৫.২ মাত্রার পৃথক একটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এটি অরুণাচল সীমান্ত থেকে ৫০৫ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি ঘটে।
পরপর সংগঠিত হওয়া এই ভূকম্পনগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: এনডিটিভি