ওয়ানডে ক্রিকেটে ৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছিল। তবে রোমাঞ্চকর ম্যাচে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে শ্রীলঙ্কা।
ত্রিদেশীয় সিরিজে মোট ৮৫৯ রানের এক হাই-স্কোরিং থ্রিলারে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কানরা।
আগে ব্যাট করতে নেমে অধিনায়ক হ্যারি ব্রুকের তাণ্ডবে রান পাহাড় গড়ে ইংল্যান্ড। ব্রুক মাত্র ১১৪ বলে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে তিনি আউট হন।
তার পাশাপাশি ওপেনার টম ব্যান্টন (৫০), জো রুট (৬৯) এবং উইল জ্যাকসের দ্রুতগতির ফিফটিতে (৩০ বলে ৬৬*) নির্ধারিত ৫০ ওভারে ৪২৯ রান তোলে ইংলিশরা।
বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ২৪ রানের মাথায় কামিন্দু মেন্ডিস (১৮) ও অধিনায়ক কুশল মেন্ডিস (০) সাজঘরে ফেরেন।
শুরুর বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্ডো ও পবন রত্নায়েক। দুজন মিলে ১৬৬ রানের এক শক্ত জুটি গড়েন। আভিস্কা ৮৩ বলে ৯৭ রান করে আউট হলেও নিজের সেঞ্চুরি তুলে নেন পবন।
এরপর চতুর্থ উইকেটে রত্নায়েক ও দাসুন শানাকা মাত্র ৭৯ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের শক্ত ভিত গড়ে দেন। পবন ১০৬ বলে ১৩০ রান এবং শানাকা ৫০ বলে ৯৭ রান করে বিদায় নেন।
শেষ দিকে ম্যাচের রোমাঞ্চ রূপ নেয় চূড়ান্ত পর্যায়ে। শেষ ওভারে জশ টাং পরপর দুই উইকেট নিলে ম্যাচ ইংল্যান্ডের দিকে হেলে পড়ে।
তবে ২৭ বলে অপরাজিত ৬১ রানের বীরোচিত ইনিংস খেলে লঙ্কানদের জয়ে নোঙর করান জানিথ লিয়ানাগে। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক এ জয় নিশ্চিত করেন তিনি।
এই অবিশ্বাস্য জয়ের মাধ্যমে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
রুমিন ফারহানার ২২ বচন ঘিরে আলোচনা-সমালোচনার ঝড়