ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি হোটেলে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে দুর্বৃত্তের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার রাতে ঘটা এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যকার বিরোধের জের ধরেই এই হামলার সূত্রপাত হয়। লিজসংক্রান্ত জটিলতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গুয়াহাটি পুলিশ জানিয়েছে, লিজগ্রহীতা নিজেই এই হামলা চালিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত প্রত্যেকেই হোটেলমালিকের পরিচিত ব্যক্তি বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার নেপথ্যের আসল কারণ জানতে পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। হামলা শুরুর আগে ও পরের পরিস্থিতি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি