বান্দরবানে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ২

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ এএম

বান্দরবানের লামা উপজেলায় আকস্মিক বজ্রপাতের পৃথক ঘটনায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুই শিশু মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া ও ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—হ্লাথুই পাড়ার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার ১১ বছর বয়সী শিশু মো. সজিব।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে মং প্রু মার্মা তার বাবার সঙ্গে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, শিশু সজিব বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় বজ্রপাতের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় আহত অন্য দুই শিশু নুর মনু (১২) ও মোহাম্মদ হানিফ (৮) বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার কুমারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, একই সময়ে দুটি ভিন্ন স্থানে বজ্রপাতের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত