সৌদি আরবের নিরাপত্তার স্বার্থে নিজস্ব ভূখণ্ডের মতোই সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, রিয়াদের প্রতিরক্ষা ইসলামাবাদের কাছে নিজ দেশের সুরক্ষার মতোই সমান গুরুত্বপূর্ণ।
সম্প্রতি জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনার সময় তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবের ওপর যেকোনো বহিরাগত হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আঞ্চিলক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্প্রতি তেহরানে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নেন। সেখানে ইরান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে চারপক্ষীয় নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক কেবল আনুষ্ঠানিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, বরং এটি অত্যন্ত গভীর। তাছাড়া, যৌথভাবে বহিরাগত হুমকি মোকাবিলার লক্ষ্যে ইতোমধ্যে তিনটি দেশ লিখিত চুক্তিতে স্বাক্ষর করেছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর এবং পবিত্র স্থানসমূহকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান খাজা আসিফ। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো একসঙ্গে কাজ করছে এবং সংঘাত কমানোর একটি সম্ভাব্য সমাধানে তারা পৌঁছাতে পেরেছে।
ইরানসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর যৌথ প্রচেষ্টায় শিগগিরই যুদ্ধ বিরতি ও টেকসই শান্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের এই মধ্যস্থতা ও সুদৃঢ় কূটনৈতিক পদক্ষেপ ইতিবাচক ফল দিতে শুরু করেছে।