পটিয়ায় যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়া, স্বামী পুলিশ হেফাজতে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যৌতুকের বলি হয়েছেন তানিয়া কামাল (২০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় এমন মর্মান্তিক দ্বিতীয় ঘটনা ঘটে পুরো এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

২৬ অক্টোবর রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার হাবিলাসদ্বীপ চরকানাই মোনাফ হাজির পাড়ায় স্বামীর বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তানিয়ার ওপর যৌতুকের জন্য নির্যাতন চালাতো তার স্বামী নুর উদ্দিন।

এর আগে গত ২৩ অক্টোবর পটিয়ার কুসুমপুরা এলাকায় পিঠাপুলি কম দেওয়ার অজুহাতে নির্যাতনের শিকার সিফাত নুর (২২) নামের আরেক অন্তঃসত্ত্বা গৃহবধূ চমেক হাসপাতালে মারা যান। তানিয়া হত্যার ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত তানিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে ভালোবেসে নুর উদ্দিনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়েছিল। ভাইয়ের বিয়েতে সোনার আংটি না দেওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।

অবশেষে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ২৬ অক্টোবর রাতে তানিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে মরদেহ আনা হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মাগরিবের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে তার মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউল হক জানান, গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত