সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করেছে। জোটের মুখপাত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সৌদি আরবের নাজরান প্রদেশের বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ আগে পূর্বাঞ্চলেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। তবে এসব সতর্কতা জারির কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েত ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ জানান, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহর সঙ্গে আলোচনায় তাঁরা জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে পারস্পরিক সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গেও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই আলোচনায় দুই মন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের চালানো হামলার নিন্দা জানান।

সূত্র: আল-জাজিরা