হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরক ডিভাইস লাগিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন ধরে গেলেও নাবিকেরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়, ওমানের খাসাব বন্দর থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে একটি ছোট নৌকা ট্যাংকারটির বাঁ পাশ দিয়ে কাছে আসে। পরে নৌকাটি থেকে জাহাজের পানির স্তরের ওপরের অংশে দুটি বিস্ফোরক ডিভাইস লাগানো হয়।

এর কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটলে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে জাহাজটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

ইউকেএমটিও জানায়, জাহাজের নাবিকেরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ট্যাংকারটি আবার যাত্রা শুরু করে এবং গন্তব্য বন্দরের দিকে রওনা হয়।

ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।