ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি 'গুপ্তচর' ড্রোন জব্দ করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের সদস্যরা সফলভাবে যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় অবতরণ করাতে সক্ষম হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটির লক্ষ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা।
আইআরজিসির নৌবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে জানতে পেরেছেন, এটি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোর একটির উপকূল থেকে উড্ডয়ন করেছিল। তবে কোন দেশ থেকে ড্রোনটি উড়েছিল, তা নির্দিষ্ট করে জানায়নি ইরান।
এর আগে হরমুজ প্রণালির পূর্ব দিকের আকাশসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছিল আইআরজিসি। তবে দুটি ড্রোনের ঘটনা একই অভিযানের অংশ কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: আলজাজিরা
আঞ্চলিক দেশগুলো বিদেশি শক্তি ছাড়াই নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম: পেজেশকিয়ান
হরমুজে নৌমাইনের আঘাতে ৩ ট্যাংকারে আগুন
ইসরায়েলের নির্বাচনে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, তদন্তের নির্দেশ