ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পরমাণু বোমা তৈরির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান জানান, পবিত্র নগরী কোমে একটি সমাবেশে তিনি এ প্রস্তাব তুলে ধরেছেন। তাঁর দাবি, উপস্থিত জনতার মধ্যে এ আহ্বানের প্রতি সমর্থনও দেখা গেছে।
ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্বিবেচনার দাবি কয়েকজন আইনপ্রণেতার মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে। নাবাভিয়ানের বক্তব্য সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
তবে ভবিষ্যতে দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।
গত সেপ্টেম্বর আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্রবিরোধী ধর্মীয় নির্দেশনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটির পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা তাঁরা জানেন না।
নাবাভিয়ানের সর্বশেষ আহ্বান ইঙ্গিত দিচ্ছে, ইরানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নটি নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে আসছে। তবে একজন আইনপ্রণেতার এই বক্তব্যকে দেশটির রাষ্ট্রীয় নীতির পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।