ইরানকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে জ্ঞান, বিশ্বাস ও দায়িত্ববোধে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি। তিনি বলেছেন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প ও দায়িত্ববোধের মধ্য দিয়ে ইরানের নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি অঙ্গীকারের বন্ধন তৈরি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন প্রান্তের কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাঠানো চিঠির জবাবে এক বার্তায় তিনি এ আহ্বান জানান। সাম্প্রতিক কয়েক মাসে শিক্ষার্থীরা তাঁকে এসব চিঠি পাঠিয়েছিলেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।
বার্তায় মোজতবা খামেনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের স্নেহপূর্ণ চিঠি ও ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। তরুণদের এই আন্তরিকতা এবং ভবিষ্যৎ নির্মাণে তাঁদের দৃঢ় সংকল্প তাঁকে আশাবাদী করেছে। তাঁদের অনেকের চিঠিতেই দেশের ভবিষ্যৎ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সর্বোচ্চ নেতা বলেন, এই অঙ্গীকার একটি মূল্যবান আমানত, যার শিকড় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিশুদ্ধ ইসলামের শিক্ষায় এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও শহীদ খামেনির উত্তরাধিকারে প্রোথিত। ইরানের নেতৃত্ব ও তরুণদের অভিন্ন লক্ষ্য এবং দায়িত্ববোধই তাঁদের এই বন্ধনে আবদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, জ্ঞান ও বিশ্বাস, আত্মশুদ্ধি, স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক এবং পবিত্র কোরআন ও আহলে বাইতের শিক্ষার গভীর উপলব্ধির মাধ্যমে নিজেদের সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করতে হবে। একই সঙ্গে দেশের শক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে আরও বেশি পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মোজতবা খামেনি তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, ইমাম মাহদির আবির্ভাবের জন্য প্রার্থনার মধ্য দিয়ে এই অঙ্গীকারে আবদ্ধ মানুষদের অগ্রযাত্রা আরও গতিশীল হবে। এর মাধ্যমে ইরান উন্নতির উচ্চশিখরে পৌঁছাবে এবং একটি ইসলামি-ইরানি সভ্যতা গড়ে তোলার প্রচেষ্টা আরও কার্যকরভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
হরমুজে মার্কিন 'গুপ্তচর ড্রোন' জব্দ আইআরজিসি'র
ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু শত্রুকে জিততে দিইনি: হাবিবুল্লাহ সাইয়ারি
আঞ্চলিক দেশগুলো বিদেশি শক্তি ছাড়াই নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম: পেজেশকিয়ান