হরমুজ প্রণালিতে ‘শত্রু’ যুদ্ধবিমান প্রতিহত করলো ইরান

কেশম দ্বীপের কাছে একটি যুদ্ধবিমানকে বাধা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সময়ে হরমুজ প্রণালির আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালিতে একটি ‘শত্রু’ যুদ্ধবিমান প্রতিহত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির (এমএনএ) ৩০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালির কেশম দ্বীপের কাছে বিমানটিকে শনাক্ত করে বাধা দেয় আইআরজিসির মহাকাশ বাহিনী। পরে বিমানটি ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বলে স্থানীয় ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে হরমুজ প্রণালির আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিক ও কেশম দ্বীপের কাছের জলসীমায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিহত করা যুদ্ধবিমানটি কোন দেশের, কী ধরনের বিমান এবং বিস্ফোরণের কারণ কী—এসব বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।