যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত কিছু পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব পোস্টে হ্যালোইন উৎসবের সাজসজ্জার সঙ্গে অভিবাসী ও কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে যুক্ত করে ছবি প্রকাশ করা হয়েছে। সমালোচকেরা এসব পোস্টকে উসকানিমূলক বক্তব্য ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন।
সরকারের এসব পোস্টে একদিকে আগ্রাসী অভিবাসনবিরোধী অভিযান তুলে ধরা হচ্ছে, অন্যদিকে করদাতাদের অর্থ সাশ্রয়ের যুক্তিতে সরকারি সহায়তা কর্মসূচিতে জালিয়াতি দমনের প্রচার চালানো হচ্ছে। স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক চাপের কারণে জীবনযাত্রার ব্যয় কমানো এখন ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির ছবি প্রকাশ করেন। ছবিতে ওই ব্যক্তির পেছনে মার্কিন ডলারের স্তূপ দেখা যায়। ছবির ওপরে লেখা ছিল, ‘স্ন্যাপ জালিয়াত’। এটি যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম—এসএনএপির প্রতি ইঙ্গিত করে। কর্মসূচিটি আগে ‘ফুড স্ট্যাম্প’ নামে পরিচিত ছিল।
ছবিতে ওই ব্যক্তির হাতে আগুনে জ্বলতে থাকা একটি নোটের মতো বস্তু দেখা যায়। হ্যালোইন পোশাকের ভুয়া প্যাকেজিংয়ের আদলে তৈরি ছবিতে লেখা ছিল, ‘কিছু পোশাকের সঙ্গে মূল্য দিতে হয়। আর এই পোশাকের মূল্য হতে পারে কারাদণ্ড।’
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে একটি কুমড়ার ছবি প্রকাশ করা হয়। কুমড়াটিতে মেক্সিকানদের ঐতিহ্যবাহী টুপি ‘সোমব্রেরো’র আদলে নকশা খোদাই করা ছিল। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ভৌতিক মৌসুম এসে গেছে।’
রোলিন্সের প্রকাশিত ছবিটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘শটি ড্রেড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে ট্রাম্প তাঁকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ‘শটি ড্রেড’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিত্ব মার্সিডিজ রেশার্ড নিউকে গ্রেপ্তারের কথা জানায়। তাঁর বিরুদ্ধে জর্জিয়ায় এসএনএপি কর্মসূচির ৪০ লাখ ডলারের বেশি সুবিধা প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগে ফেডারেল মামলা করা হয়েছে।
নির্বাচনের আগে প্রশাসনের এসব পোস্ট প্রকাশের সময় ও উপস্থাপন নিয়ে সমালোচনা বাড়ছে। সমালোচকদের মতে, অভিবাসনবিরোধী প্রচার এবং সরকারি সহায়তা কর্মসূচিতে জালিয়াতি দমনের বার্তার সঙ্গে হ্যালোইনভিত্তিক ব্যঙ্গাত্মক ছবি যুক্ত করে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।