আলিনা হাব্বা মিলডনের সাথে ৫ কোটি ডলারের চুক্তিকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

সাবেক আইনজীবী আলিনা হাব্বা মিলডনের নিজের জন্য ৫ কোটি ডলারের চুক্তি নিশ্চিত করার ঘটনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমার কাছে বিষয়টি পুরোপুরি আপত্তিকর ও ভয়াবহ মনে হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার ব্যাংকার হুলিও হেরেরা ভেলুতিনির পরিবারের একটি প্রতিষ্ঠান চার বছরের জন্য হাব্বা মিলডনকে ৫ কোটি ডলারের বেশি দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল। চুক্তি অনুযায়ী, বছরে ১ কোটি ডলার এবং এর সঙ্গে বোনাস পাওয়ার কথা ছিল তাঁর।

ট্রাম্প বলেন, তিনি হাব্বা মিলডনকে জানিয়েছিলেন, তিনি চান না তাঁকে এই অর্থ দেওয়া হোক। পুরো ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

দ্য নিউইয়র্ক টাইমস-এর তথ্য অনুযায়ী, নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনকালে হাব্বা মিলডন হেরেরা পরিবারের প্রতিষ্ঠান কনকর্ড পার্টনার্সের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ চুক্তি হয়।

হুলিও হেরেরা ভেলুতিনি যুক্তরাষ্ট্রে ঘুষসংক্রান্ত গুরুতর ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। ২০২৫ সালের আগস্টে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর আগে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেরেরা পরিবারের সঙ্গে হাব্বা মিলডনের কাজ শুরুর সময়ের আগেই আদালত তাঁকে মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করেছিলেন। ৮ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং একই দিন অ্যাটর্নি জেনারেলের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি কনকর্ড পার্টনার্সে তাঁর কাজ শুরু হয়। তখনো তিনি অ্যাটর্নি জেনারেলের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

সূত্র: রয়টার্স

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত