ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যানের হুঁশিয়ারি; ভৌগোলিক অবস্থান বা লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে ঘোষণা
যেকোনো নতুন হুমকির জবাবে আগের চেয়ে আরও কঠোর ও তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো নতুন হুমকির তাৎক্ষণিক জবাব দেবে। সেই জবাব আগের চেয়ে আরও কঠোর হবে।
আজিজি লেখেন, ‘নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। যেকোনো হুমকির জবাবে আমরা তাৎক্ষণিকভাবে আগের চেয়ে কঠোর প্রতিক্রিয়া জানাব। ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর তালিকার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা থাকবে না।’
ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশকে চূড়ান্ত ও আপসহীন উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও আরও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্বাচনে কোনো সীমা থাকবে না।
এর আগে আজিজি হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ে অধিকৃত ভূখণ্ড বসবাসের অনুপযোগী করে তোলা হবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি