ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশ কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি ছোট ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে বিমানের ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার দুপুরে ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

দুর্ঘটনাস্থলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডাস্থ জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র 'মার-আ-লাগো' থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

এফএএ সূত্রে জানা গেছে, লিয়ারজেট ৬০ মডেলের এই বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার মুহূর্তে বিমানটি প্রচণ্ড গতিতে খাড়া নিচের দিকে নেমে আসছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা যায়, বিমানটি প্রায় একটি ক্ষেপণাস্ত্রের মতো মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকার সড়কজুড়ে গর্ত ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে জানান, মাটিতে থাকা কোনো বাসিন্দা হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএ দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু করেছে।

সূত্র: বিবিসি