শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করলো সুইডিশ দূতাবাস

ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এখন থেকে ভিসা, আমন্ত্রণপত্র, আপিল কিংবা আবেদনসংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এখন থেকে আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করবে না। ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট আবেদনসংক্রান্ত বিষয়সহ এ বিষয়ে যেকোনো প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এতে আরও জানানো হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার দায়িত্ব বা অনুমোদন এখন আর দূতাবাসের নেই।

এ কারণে আবেদনকারী ও স্পন্সরদের এ-সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি সহযোগিতার জন্য আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।