দোকান-শপিং মল বন্ধের সময় দুই ঘণ্টা বাড়ানোর দাবি মালিক সমিতির

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার কারণে বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়ছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন।

সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে এতে স্বাক্ষর করেন সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।

আবেদনে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের উদ্যোগের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে বর্তমান ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মালিক সমিতির ভাষ্য, দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার সংকট এবং বিক্রিতে মন্দা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে গিয়ে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনায় হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

সংগঠনটি বলেছে, বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া প্রয়োজন। এ জন্য সরকারের কাছে প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে তারা।

আবেদনে আরও বলা হয়, শীত মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটা করতে মার্কেটে আসেন। রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় হারাচ্ছেন। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হলে ক্রেতারা বাড়তি সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংগঠনটির নেতারা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত