তুরস্কের পারমাণবিক প্রকল্পে যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়া?

তুরস্কের পরিকল্পিত সিনপ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে দক্ষিণ কোরিয়া অংশীদার হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা জানান।

এরদোয়ান বলেন, কৃষ্ণসাগর উপকূলের সিনপ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপিসিও) সঙ্গে আলোচনা ও পর্যালোচনা করছে তুরস্ক।

তিনি আরও বলেন, প্রকল্পের অংশীদার নির্বাচনের আগে অর্থায়নের ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন খরচ এবং তুরস্কের অর্থনীতিতে এর সম্ভাব্য সুফল বিবেচনা করবে আঙ্কারা।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছানোর কথা রয়েছে এরদোয়ানের। ২০১৮ সালের পর এটিই তাঁর প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সফরকালে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

ইয়োনহাপকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন। তুরস্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং যৌথ উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

এরদোয়ান বলেন, দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া এশিয়া ও ইউরোপকে সংযুক্তকারী তুরস্কের পরিবহন ও সরবরাহব্যবস্থা বা লজিস্টিকস খাতের বিভিন্ন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এরদোয়ান।

সূত্র: রয়টার্স