যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা বিনিময় অব্যাহত রেখেছে ইরান। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে তেহরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা নিয়ে এই যোগাযোগ চলছে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছিল। একই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়াও পেয়েছে তেহরান।
ঘারিবাবাদি বলেন, পরিকল্পনায় উল্লিখিত শর্তগুলো পূরণ করা হলে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ শুরু করেনি। আমরা যুদ্ধ চাইনি, যুদ্ধ শুরু করিনি। যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে, সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও চালু রয়েছে। বিশেষ করে কাতারসহ মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে।
তবে সাত দিনের পরিকল্পনায় কী কী শর্ত রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী এবং সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ঘারিবাবাদি।