বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরে ভারতের ত্রিপুরায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সিপাহীজলা জেলার বক্সানগর গ্রামের আশাবাড়িতে এক স্থানীয় যুবককে বেধড়ক মারধরের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা।
হেফজুর রহমান নামের ওই যুবককে জঙ্গল পরিষ্কারের সময় সন্দেহভাজন হিসেবে আটক করে মারধরের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।
এই নির্যাতনে যুবকের একটি পা ভেঙে গেছে বলে দাবি করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনার প্রতিবাদে শত শত মানুষ আশাবাড়ি–রহিমপুর সড়ক অবরুদ্ধ করে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।
ঠিক সেই মুহূর্তে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের একটি টহল গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় জনতার মুখে পড়ে।
সহকারী কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার ও জওয়ান মনজিতকে বহনকারী গাড়িটি মুহূর্তেই ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা।
লাঠি ও বাঁশ নিয়ে চালানো ওই হামলায় তিন বিএসএফ সদস্য গুরুতর আহত হন এবং গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
সূত্র: দ্য প্রিন্ট