সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি।
প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাস বা মতাদর্শের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যবস্থা নেওয়াও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশ ও সংগঠন করার স্বাধীনতার পরিপন্থী।
সংস্থাটির মতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ অতীতের সরকারগুলোর দমনমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি।
এইচআরডব্লিউর এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়।
তিনি আরও বলেন, অতীতের দমনপীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া উচিত। ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তন হলেই যেন আগের দমনপীড়নের পুনরাবৃত্তি না ঘটে।