গাজায় বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত বাস্তুচ্যুতদের শিবির, রেড ক্রসের উদ্বেগ 

গাজায় শীতের বৃষ্টি ও বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পানি জমে প্লাবিত হচ্ছে অস্থায়ী তাঁবু ও আশ্রয়শিবির। শিশুদের ভেজা ও ঠান্ডা থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে শত শত পরিবার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেড ক্রসের মুখপাত্র আমানি আল নাউক বলেন, টানা চতুর্থ শীতেও গাজার লাখো বাস্তুচ্যুত মানুষ তাদের সন্তানদের শুকনো ও নিরাপদে রাখার সংগ্রাম করছেন। গাজা থেকে তিনি বলেন, পরিবারগুলো গত তিন বছর ধরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জীর্ণ তাঁবুতে বসবাস করছে।

আল নাউক জানান, রেড ক্রস এমন ভিডিও ফুটেজ দেখেছে, যেখানে পুরো পরিবার ও একের পর এক আশ্রয়শিবিরের বাসিন্দাদের তাঁবু থেকে পানি সরাতে দেখা যাচ্ছে। একই সঙ্গে নিজেদের সামান্য সম্বল ও জীবন রক্ষায় তাদের প্রাণান্তকর চেষ্টা করতে হচ্ছে। তিনি বলেন, ঝড়-বৃষ্টি থেকে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গাজার মানুষের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন টেকসই আশ্রয়ব্যবস্থা।

দীর্ঘদিন ধরে অস্থায়ী তাঁবুতে বসবাসের কারণে শীত ও বৃষ্টির মৌসুমে বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়ছে। রেড ক্রসের বক্তব্যে স্পষ্ট, জরুরি ত্রাণের পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।