নেতানিয়াহু বাদ, সরকার গঠনে সুযোগ পেলেন আইজেনকোট

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে দেশের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজাক হারজোগ।

শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট হারজোগ ব্যক্তিগতভাবে আইজেনকোটকে এ সিদ্ধান্তের কথা জানান। এরপর রোববারের এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই দায়িত্ব অর্পণ করা হবে বলে রাষ্ট্রপতির দপ্তর নিশ্চিত করেছে।

গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরবর্তীতে প্রেসিডেন্ট সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া ‘ইশার’ পার্টির নেতা আইজেনকোটকে বেছে নেন।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও দুই সপ্তাহ বাড়ানো যেতে পারে।

অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের চার-দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়ে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা অর্জনের জন্য আইজেনকোটকে এখন দুটি আল্ট্রা-অর্থোডক্স দল (শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম)-কে নিজের জোটে টানতে হবে। এটি সম্ভব হলে তিনি ঠিক ৬১টি আসনের প্রয়োজনীয় সমর্থন পেয়ে যাবেন।

উল্লেখ্য, গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। এছাড়া গাজা যুদ্ধ চলাকালীন গঠিত বিশেষ মন্ত্রিসভাতেও তিনি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছিলেন।

সূত্র: আল জাজিরা