ইরানে গত চার বছরে সড়ক দুর্ঘটনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে থাকলেও দেশটিতে নতুন গাড়ির নিরাপত্তামান কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অথচ দেশীয়ভাবে উৎপাদিত গাড়ির মান ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন সংশ্লিষ্টরা।
ইরানের বার্তা সংস্থা ইলনা রোববার (৮ নভেম্বর) দেশটির ফরেনসিক মেডিসিন সংস্থার প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে জানায়, চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। গত বছরের একই সময়ে নিহতের সংখ্যা ছিল ১০ হাজার ৪০১। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রাণহানি কমেছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।
তবে দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় আহত ২ লাখ ২৪ হাজার ২২০ জনকে ফরেনসিক মেডিসিন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১০ দশমিক ৮ শতাংশ বেশি।
সড়ক দুর্ঘটনায় বিপুল প্রাণহানি ও আহতের সংখ্যা বৃদ্ধির মধ্যেই গাড়ির নিরাপত্তাসংক্রান্ত নতুন মান কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার সরকারি উদ্যোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানের দেশীয় গাড়ির নিরাপত্তা ও গুণগত মান নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রেক্ষাপটে এ উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।