ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি: কাটজ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা নতুন করে শুরু করেছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য কোনো হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

অপারেশন কাদেশে নিহত ইসরায়েলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরানের বিষয়ে আমাদের মিশন এখনো শেষ হয়নি।’ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার পাশাপাশি ইরান এমন কিছু কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করছে। এসব হুমকি মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

হিজবুল্লাহকে কঠোর হামলার হুঁশিয়ারি

ইরানের সম্ভাব্য হামলায় হিজবুল্লাহ অংশ নিলে তাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাটজ। তিনি বলেন, ‘হিজবুল্লাহ যদি ইসরায়েলের ওপর হামলায় ইরানের সঙ্গে যোগ দেয়, তাহলে তারা কঠোর আঘাতের মুখে পড়বে এবং আরও ভূখণ্ড হারাবে।’ ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

আক্রমণাত্মক নীতি বজায় রাখার ঘোষণা

কাটজ বলেন, ইসরায়েল আগাম ও আক্রমণাত্মক নীতি অনুসরণ করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। কাটজ বলেন, ‘বিতর্ক ও মতভিন্নতা গ্রহণযোগ্য। তবে যখন দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে থাকে, তখন আমাদের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে সক্ষম হতে হবে।’ তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা অব্যাহত রয়েছে।

জেএম
আরও পড়ুন