চীনের ‘হানিট্র্যাপে’ মার্কিন ধনকুবের!

চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমে ‘হানিট্র্যাপ’ সংক্রান্ত বিষয়টি নিয়ে গুঞ্জন চাউর হওয়ার পর মার্কিন কংগ্রেসের কড়া নজরদারির মুখে পড়েছেন তিনি।

জেনসেন হুয়াং তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি পণ্য বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই তার অন্দরমহলে চীনা গোয়েন্দার অনুপ্রবেশ নিয়ে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস কুন্স এ বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ট্রাম্প প্রশাসন, চীনা গুপ্তচর এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ধনকুবেরদের মধ্যকার এই অদ্ভুত সম্পর্ক সম্পর্কে আমি যত বেশি জানছি, ততই আমি এ বিষয়ে নিশ্চিত হচ্ছি যে বর্তমান প্রশাসনের সব কাজই দুর্নীতিমুক্ত। বিষয়টি তদন্ত করে এর জবাবদিহি নিশ্চিত করবে কংগ্রেস।’

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াং নামের এক টেক নির্বাহীর মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। চীনের সঙ্গে ওই নারীর গোয়েন্দা যোগসাজশ নিয়ে মার্কিন কর্তৃপক্ষের উদ্বেগ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও তাইওয়ানের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর হতে পারেন।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান পার্টির বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যান অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় এনভিডিয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জেনসেন হুয়াং একটি ব্রিফিং দেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা কী পরিমাণে ঝুঁকির মুখে পড়েছে, তা তাদের মূল্যায়ন করা দরকার।

নিউইয়র্ক টাইমস এবং ‘ফাইন্যান্সিয়াল টাইমস উভয় সংবাদমাধ্যমই জানিয়েছে, অ্যালিস হুয়াং মূলত একজন চীনা গুপ্তচর। জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারি চালানোর জন্যই চীনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা তাকে বিশেষভাবে নিয়োগ করেছিলেন। তার কথিত উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্রের কাছে থেকে চীনে চিপ রপ্তানির অনুমতি দেয়ার জন্য জেনসেন হুয়াং যেন মার্কিন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন, সে বিষয়ে তাঁকে রাজি করানো।

এনভিডিয়া অবশ্য এসব গুঞ্জন দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কটি কেবল একটি সাধারণ ব্যবসায়িক যোগাযোগের বাইরে আর কিছু ছিল না। কোম্পানিটি জোর দিয়ে জানিয়েছে, তার বা অন্য কারও সঙ্গে কোনও সংবেদনশীল তথ্য শেয়ার করা হয়নি। চীনা সরকারও জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য অ্যালিস হুয়াংকে ব্যবহার করার অভিযোগ প্রকাশ্যে অস্বীকার করেছে।