ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত ইউক্রেনীয়রা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

রাশিয়ার পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তায়’ আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে ইউক্রেনের ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপে পরপর চারটি বার্তা পোস্ট করা হয়। এতে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি পারমাণবিক হামলার ঝুঁকির কথা জানিয়ে সতর্ক করা হয়। খবর দ্য টেলিগ্রাফের।

এর কয়েক ঘণ্টা পরই রাশিয়ার ইমারজেন্সি মন্ত্রণালয় জানায়, তাদের অভ্যন্তরীণ মোবাইল অ্যাপেও এক ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। সেখানেও রুশ নাগরিকদের কাছে ভুল করে পারমাণবিক হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানা যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্ষতিগ্রস্ত অ্যাপটি পুনরায় সচল করার কাজ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।

রাশিয়া থেকে আসা বিমান হামলার তাৎক্ষণিক হুমকি সম্পর্কে সতর্ক করতে ইউক্রেনে ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে নিরাপদ আশ্রয় খুঁজে নেয়ার জন্য নাগরিকরা প্রায়ই মাত্র কয়েক মিনিট সময় পান।

অ্যাপটিতে রুশ ভাষায় দেয়া সেই সতর্কবার্তায় বলা হয়, ‘চিন্তার কিছু নেই, মাথার ওপর একটি ওরেশনিক উড়ছে। সমগ্র ইউক্রেনজুড়ে পারমাণবিক সতর্কবার্তা চালু করা হয়েছে।’

এর ঠিক আগেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে পৃথক একটি সতর্কবার্তা দেয়া হয়। সেই বার্তায় ইউক্রেনীয়দের ঘরের ভেতরে অবস্থান নিতে বলা হয়। পাশাপাশি তাদের গ্যাস মাস্ক পরা ও আয়োডিন গ্রহণের পরামর্শও দেয়া হয়।

এ সময় রাসায়নিক হামলা ও সরাসরি যুদ্ধের সতর্কবার্তাও বেজে ওঠে। ওই বার্তায় বাসিন্দাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে এবং কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে নির্দেশ দেয়া হয়।

সতর্কবার্তাগুলো প্রচারের প্রায় ১০ মিনিট পর ইউক্রেনের বিমানবাহিনী জানায়, সম্ভবত অ্যাপটি রাশিয়ার সাইবার হামলার শিকার হয়েছে।

টেলিগ্রামের এক পোস্টে বিমানবাহিনী ইউক্রেনীয়দের উদ্দেশ্যে জানায়, ‘আমাদের এয়ার অ্যালার্ট অ্যাপটি শত্রুপক্ষের অনুপ্রবেশের শিকার হয়েছে বলে মনে হচ্ছে। কোনও তেজস্ক্রিয়তার হুমকি নেই। শান্ত থাকুন এবং আমাদের অফিসিয়াল চ্যানেলে চোখ রাখুন।’

আইনানুযায়ী ইউক্রেনের সব সরকারি যোগাযোগের ক্ষেত্রে ইউক্রেনীয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক। ফলে বার্তাটি রুশ ভাষায় সম্প্রচারিত হওয়ায় এটি ক্রেমলিনের নাশকতা বলে জোরালো ধারণা করা হচ্ছে।

অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাজাক্স সিস্টেমস-এর তথ্যমতে, ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপটির দৈনিক ব্যবহারকারী প্রায় ৭০ লাখ এবং এটি ৪ কোটি ৬০ লাখ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে।

এএইচএ
আরও পড়ুন