মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগেল অ্যাঞ্জেল আলমারাজ। রোববার অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা।
শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী একটি এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন আলমারাজ। এ সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে অপহরণ করে। তবে গাড়িতে থাকা অন্যদের ছেড়ে দেয় তারা।
পরে আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। রাজ্যটির নিরাপত্তা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অপহরণের পর তাঁকে জাকাতেকাস শহরে নিয়ে যাওয়া হয়েছিল। কয়েক ঘণ্টা পর রোববার অপহরণকারীরা তাঁকে মুক্তি দেয়।
আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের কাছের তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র। প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের বসবাস এ পৌরসভায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্ত থেকে শহরটির দূরত্ব ১১ কিলোমিটার।
২০১৫ সালে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় খালাস পান আলমারাজ। এর আগে তিনি ছয় বছর কারাগারে ছিলেন। তিনি রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য। তবে এর আগে তিনি বামপন্থী পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের সঙ্গে যুক্ত ছিলেন।
কেন তাঁকে অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তসহ পুরো বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।
মেক্সিকোর জাকাতেকাস রাজ্যে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল ও সিনালোয়া কার্টেলের তৎপরতা রয়েছে। সংগঠন দুটির বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও রাজনীতিবিদদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
গত আগস্টে জাকাতেকাসের ওহো কালিয়েন্তে শহরে পৌর পুলিশ সদর দপ্তরের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন এবং প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক এক গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে কোনো সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
এর আগে ২০২১ সালের জুনে জাকাতেকাস রাজ্যে সন্দেহভাজন মাদক কারবারি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের পর ১৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্র: আল-জাজিরা