নাইজেরিয়ায় জঙ্গলে মিললো ২৮ জনের মাথার খুলি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্যের জঙ্গলে অপরাধীদের আস্তানা থেকে অন্তত ২৮ জন মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া এসব অবশিষ্টাংশ অপহরণের শিকার হওয়া ব্যক্তিদের। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি আফ্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উমুন্নোচি অঞ্চলের উমুয়াকু ও নেয়াতো জঙ্গলে গত শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবিয়া রাজ্য পুলিশ অভিযান চালায়। রাজ্য পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অপরাধীরা পালিয়ে যায়। পরে আস্তানাগুলো ভেঙে ফেলা হয় এবং মোট ২৮টি মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়।

আবিয়া রাজ্যের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি জানান, অপরাধীদের গোপন আস্তানাগুলো উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার করা অবশিষ্টাংশগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে ফরেনসিক তদন্ত চলছে। ওই এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিখোঁজ অপহরণের ঘটনাগুলোর সঙ্গে এগুলো সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও উমুন্নোচি অঞ্চলের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর অভিযানে অপহৃতদের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জঙ্গল ঘিরে সক্রিয় অপহরণ চক্রগুলো প্রায়শই পথচারী ও স্থানীয় অধিবাসীদের মুক্তিপণের দাবিতে জিম্মি করে থাকে। অন্যদিকে একই সপ্তাহান্তে দেশের উত্তরাঞ্চলের দুই রাজ্যে পৃথক গণঅপহরণের ঘটনায় অন্তত ৮০ জন অপহৃত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী। রোববারের হামলায় নাইজার রাজ্য থেকে প্রায় ৫০ জন কৃষককে বন্দুকধারীরা তুলে নিয়ে যায়। একই দিনে প্রতিবেশী জামফারা রাজ্য থেকে আরও ৪০ জন নারীকে অপহরণ করা হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে।

জেএম
আরও পড়ুন