ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। সেখানে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইরানের যুদ্ধ বন্ধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভালোভাবে এগোচ্ছে। তাঁর ভাষায়, ইরানের ওপর চাপ অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য।

এ সময় ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ কার্যকর হওয়ার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, এ অভিযানের ফলে স্থলপথে ইরানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। একইভাবে নৌ অবরোধের কারণে জলপথেও দেশটিতে কোনো পণ্য বা সরঞ্জাম প্রবেশ করতে পারছে না।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংস্থাটির সদস্যদেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন।

সূত্র: আল-জাজিরা