ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার ‘বাস্তব হুমকি’ চিহ্নিত করে ট্রাম্প যথাযথ পদক্ষেপ নিয়েছেন। এ সিদ্ধান্ত জনপ্রিয় না হলেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তা প্রয়োজনীয় ছিল।
ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, দেশের নিরাপত্তার জন্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা সব সময় জনপ্রিয় সিদ্ধান্ত নাও হতে পারে। তবে অনেক সময় দেশের স্বার্থে সঠিক কাজটি করা জরুরি হয়ে পড়ে। ট্রাম্প সেই দায়িত্ব পালন করেছেন।
রুবিওর দাবি, যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টরা যে কাজ করতে পারেননি, ট্রাম্প তা করেছেন।
তিনি আরও বলেন, একসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যেই এ বিষয়ে ঐকমত্য ছিল যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। এটি শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি তৈরি করবে।
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (আইএইএ) জানিয়েছে, ইরান পরিকল্পিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই।
সূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকের পছন্দ হয়নি: ট্রাম্প