গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে ১২ জন মৃত অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার (৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।
তবে কী কারণে ওই অভিবাসীদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কালোই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে নৌকাটিতে থাকা আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ক্রিটের উপকূলে পৃথক আরও দুটি ঘটনায় কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাইকে উপকূলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার অভিবাসী এবং শরণার্থীদের জন্য বহু বছর ধরেই ইউরোপে প্রবেশের অন্যতম পথ গ্রিস। ২০১৫ ও ২০১৬ সালে ইউরোপের অভিবাসন সংকটের সময় দেশটি সবচেয়ে বেশি চাপে পড়ে। ওই দুই বছরে প্রায় ১০ লাখ মানুষ গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছান। তাঁদের বেশির ভাগই তুরস্ক হয়ে এসেছিলেন।
এরপর থেকে গ্রিসে অভিবাসীদের আগমনের সংখ্যা কমেছে। সমুদ্র ও স্থলসীমান্তে টহল জোরদার করেছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্ব লিবিয়া থেকে ক্রিট হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের সমুদ্রপথে আসার সংখ্যা বেড়েছে।
সূত্র: রয়টার্স