গাজায় ভারী বৃষ্টিতে বাঁধ ধসে চার শিশুসহ নিহত ৫

গাজার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বালির বাঁধ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজনই শিশু। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, রোববার (৮ নভেম্বর) দেইর আল-বালাহ এলাকায় বালির বাঁধ ধসে বেশ কয়েকটি বাস্তুচ্যুত মানুষের তাবু ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

এদিকে ভারী বৃষ্টি ও বন্যায় গাজাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী তাবু ও আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার গাজা শহর থেকে আল-জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অধিকাংশই এমন অস্থায়ী তাবুতে বসবাস করছেন, যা প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, সাম্প্রতিক ঝড় তাদের আশ্রয়কেন্দ্রগুলোর নাজুক অবস্থা আবারও স্পষ্ট করেছে। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অনেক তাঁবু ভেঙে গেছে। অথচ এসব তাঁবু মজবুত করতে পরিবারগুলো দিনের পর দিন চেষ্টা করেছে।
ঝড়-বৃষ্টিতে অনেকের বিছানা, বালিশ ও কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে গেছে। বর্তমানে প্রায় চার লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক ঝড়ে প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা গাজায় পৌঁছাতে নানা বাধার মুখে পড়ছে ত্রাণ সংস্থাগুলো। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ঝড়ের পর তারা অন্তত ১ হাজার ৫০০টি জরুরি সহায়তার ফোন পেয়েছে। সংস্থাটির আশঙ্কা, গাজায় দুই হাজারের বেশি ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা করতে অন্তত তিন লাখ তাঁবু প্রয়োজন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। দীর্ঘদিনের এ যুদ্ধে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। পাশাপাশি ত্রাণ, আশ্রয় সামগ্রী ও পুনর্গঠনের উপকরণ প্রবেশে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের কারণে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৬৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।