যুক্তরাষ্ট্র-ইরানের 'গোপন আলোচনা', যুদ্ধ কী এবার থামবে?

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের যুদ্ধে জড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সমঝোতার অগ্রগতি হলে তেহরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা ‘খুবই কম’ বলে জানিয়েছেন তিনি।

রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির দিকে অগ্রসর হয় এবং হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম। একই দিন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো ইচ্ছা তাঁর নেই।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান এমন একটি সংবেদনশীল সমঝোতা নিয়ে নীরবে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এবং বৃহত্তর কূটনৈতিক আলোচনার পথ তৈরি হতে পারে।

তবে সমঝোতার সম্ভাবনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার বলেছেন, দুই দেশ কোনো বড় অগ্রগতির দ্বারপ্রান্তে রয়েছে—এমনটা তিনি মনে করেন না। ট্রাম্পও স্পষ্ট করেছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে।

দুই দেশ এবং মধ্যস্থতাকারী কাতার আলোচনার বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। তবে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর কূটনৈতিক তৎপরতা বেড়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর কী পরিবর্তন এসেছে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় ইরানের সঙ্গে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ইরানের যুদ্ধও রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ।

সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ভ্যান্সের মূল্যায়নের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন না। ভোটাররা যে যুদ্ধ পছন্দ করেননি, সেটিও স্বীকার করেন তিনি। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে জোরালো অবস্থান বজায় রেখে ট্রাম্প বলেন, আবারও একই সিদ্ধান্ত নিতে হলে তাঁর উত্তর হবে দ্ব্যর্থহীন ‘হ্যাঁ’।

অন্যদিকে, নির্বাচনের ফলকে নিজেদের দর-কষাকষির পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বলেন, ‘আমেরিকান ভোটাররা তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার হোয়াইট হাউসেরও নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’

ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে আত্মবিশ্বাস দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর আবার হামলা হলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করা হবে।

আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে?

দুই দেশের আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে উভয় পক্ষের অবস্থান পরস্পরবিরোধী।

ট্রাম্পের প্রধান দাবি, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু তেহরান এই কর্মসূচিকে নিজেদের জাতীয় সার্বভৌমত্বের বিষয় হিসেবে দেখে।

প্রকাশ্যে ইরান জানিয়েছে, সাতটি পূর্বশর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা করবে না তারা। এসব শর্তের মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং সামুদ্রিক অবরোধ প্রত্যাহার। তবে সাতটি শর্তের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের কোথাও কয়েক শ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা সম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই মজুতকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চায় ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে দেওয়া হোক অথবা নিরাপদে সংরক্ষণের জন্য অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। এ বিষয়ে দুই পক্ষের আলোচনা কত দূর এগিয়েছে, তা স্পষ্ট নয়।

ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন, সামরিক প্রয়োজনে অস্ত্র তৈরি নয়।

পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়েও গুরুত্বপূর্ণ দাবি রয়েছে তেহরানের।

বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি করতে ক্রমেই সমস্যায় পড়ছে ইরান। বিদেশি ব্যাংকে থাকা দেশটির কয়েক বিলিয়ন ডলারের সম্পদও জব্দ রয়েছে। এসব নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন বলে ধারণা করা হচ্ছে। এতে রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে থাকা ইরানের সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে।

এ ছাড়া যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণও দাবি করছে তেহরান।

দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। দেশটি একটি কাঠামোগত সমঝোতা-প্রস্তাব তৈরি করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আদান-প্রদান করছে। দুই পক্ষই প্রস্তাবটিতে সংশোধনী আনছে। কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে এ প্রক্রিয়া চললেও নতুন করে হামলার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা আরও জোরদার হয়েছে।

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সমঝোতার পথে বাধা কোথায়?

এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের প্রধান দাবিগুলো থেকে সরে আসতে রাজি হয়নি।

রোববার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনো অনেক দূরে। তাঁর ভাষায়, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে অযৌক্তিক ও অবাস্তব।

এর আগে একাধিকবার সরাসরি সংঘাতে জড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা প্রায় শেষ হয়ে গেছে। তেহরান এখনো ভুলতে পারেনি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলার মধ্যেই এই যুদ্ধ শুরু হয়েছিল।

ইরানের আশঙ্কা, কোনো ধরনের দর-কষাকষির হাতিয়ার ছেড়ে দিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালাতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর ইরান আক্রান্ত হলে দেশটি আরও দুর্বল অবস্থায় পড়ে যাবে। তখন নিজেদের স্বার্থ রক্ষার মতো কার্যকর আলোচনার হাতিয়ারও কমে যাবে।

অন্যদিকে, ট্রাম্পকে আরব দেশগুলোর অংশীদারত্ব এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। উভয় পক্ষই ইরানকে নিজেদের জন্য হুমকি মনে করে। বড় কোনো ছাড় আদায় না করেই যুদ্ধ থেকে সরে এলে ট্রাম্পকে রাজনৈতিক ও কূটনৈতিক সমালোচনার মুখে পড়তে হতে পারে।

ইরানও লেবানন, ইরাক ও ইয়েমেনে নিজেদের মিত্র ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ধরে রাখতে চায়। এসব গোষ্ঠী আঞ্চলিক বিভিন্ন সংঘাতে ইরানের পক্ষে লড়েছে এবং তেহরানের প্রতি অনুগত। তবে গত তিন বছরে তারা অস্তিত্বসংকটের মুখে পড়েছে।

গত সেপ্টেম্বরে ইয়েমেনে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাবের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথের নিয়ন্ত্রণ নেয়। এতে ওই জলপথেও তেহরানের প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়। ইয়েমেনের সরকারকে সামরিক সহায়তা দেওয়ায় সৌদি আরবের বিরুদ্ধে হুতিরা হামলাও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এ জন্য উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের সুযোগও বন্ধ করতে চায় ওয়াশিংটন।

অন্যদিকে, ইরানের আরব প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে মতভেদ রয়েছে। তেহরানকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া এবং আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে—এমন কোনো সমঝোতা নিয়ে তারা উদ্বিগ্ন।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও বিরোধ রয়েছে। এই নৌপথ দিয়ে আরব উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান প্রণালিটির পরিচালনা ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। এতে অঞ্চলটিতে প্রবেশ ও বের হওয়া পণ্যের ওপর তেহরানের বড় ধরনের প্রভাব তৈরি হবে। যুক্তরাষ্ট্র চায় গুরুত্বপূর্ণ এই নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকুক। যুদ্ধের মাধ্যমে ইরান যে সুবিধা অর্জন করেছে, কোনো চুক্তির মাধ্যমে তা স্থায়ী হোক—এমনটিও চায় না ওয়াশিংটন।

আবার কী শুরু হবে যুদ্ধ?

ইতোমধ্যে কিছু হামলার ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষই সেগুলোর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছে। এতে ধারণা করা হচ্ছে, কোনো পক্ষই আপাতত চলমান আলোচনা ভেস্তে দিতে চায় না।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আবারও বসতে রাজি হয়েছে ইরান।

তবে এসব অগ্রগতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ছাড় দিতে রাজি হলে, এমনকি এ বিষয়ে আলোচনায় বসার সম্মতি দিলেও সেটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হবে।

এরপরও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। ট্রাম্পের নির্দেশ পেলেই সেখান থেকে বড় ধরনের সামরিক অভিযান চালানো সম্ভব।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলের সময় সেগুলো এখনো ইরানের হামলার শিকার হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম স্থলপথে সরিয়ে নেওয়া ঠেকাতে তেহরানের বিরুদ্ধে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করেছে ওয়াশিংটন। এসব পদক্ষেপকে চাপ কমানোর বদলে আরও বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইরানের কট্টরপন্থীরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে তেহরান ইতোমধ্যে জয়ী হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়কে কাজে লাগিয়ে তাঁরা যুদ্ধ থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বড় ছাড় আদায়ের দাবি জানাচ্ছেন।

আলোচনায় অংশ নেওয়া তুলনামূলক সংস্কারপন্থী ইরানি নেতারা কোনো সমঝোতায় পৌঁছালে দেশের ভেতরেই তাঁদের বিরোধিতার মুখে পড়তে হতে পারে।

গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক কমান্ডাররাও হুঁশিয়ারি জোরদার করেছেন। তাঁদের দাবি, আগের তুলনায় আরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো এবং আরও বড় ক্ষয়ক্ষতি ঘটানোর মতো অস্ত্র এখন ইরানের হাতে রয়েছে।

সব মিলিয়ে, ট্রাম্প সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও ইরান শেষ পর্যন্ত তাতে রাজি হবে কি না, তা এখনো অনিশ্চিত।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন