ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তা এখনই বন্ধ হচ্ছে না

ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা এখনই বন্ধ হচ্ছে না। তবে নতুন নিরাপত্তা চুক্তির আওতায় এই সহায়তার মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করার পরিকল্পনা করা হচ্ছে। ২০২৮ সালের পর থেকে নতুন এই চুক্তি কার্যকর হতে পারে। এতে ইসরায়েলের সরাসরি মার্কিন সামরিক সহায়তার পরিমাণও প্রায় অর্ধেক কমে যাবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দিয়েছিলেন, তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের শেষ নাগাদ মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়ে একমত হয়েছেন। ট্রাম্পের এমন ঘোষণায় ইসরায়েলের আলোচক দলগুলো বিস্মিত হয়েছিল। তবে আসন্ন নিরাপত্তা সমঝোতা অনুযায়ী, সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ না করে এর মেয়াদ ও পরিমাণ কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

ওয়াইনেটনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ট্রাম্পের ওই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি কাজ করেছিল। মিশিগানে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সকে ডেমোক্র্যাটিক প্রার্থী আব্দুল আল-সায়েদের বিরুদ্ধে সুবিধা করে দিতেই তিনি এমন ঘোষণা দিয়ে থাকতে পারেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনে আব্দুল আল-সায়েদ জয়ী হন এবং যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলার দিচ্ছিলাম। এখনো দিচ্ছি, তবে বছরের শেষ নাগাদ তা বন্ধ হয়ে যাবে।’ তিনি আরো বলেন, নেতানিয়াহু নিজেই আগে পর্যায়ক্রমে এই সহায়তা কমানোর প্রস্তাব দিয়েছিলেন। কারণ ইসরায়েল এখন একটি সমৃদ্ধ দেশ এবং দেশটির আর আগের মতো মার্কিন সহায়তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তবে ওয়াইনেটনিউজের তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় সামরিক সহায়তা এখনই বন্ধ হচ্ছে না।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েল প্রতিবছর ৩৩০ কোটি ডলার বিদেশি সামরিক অর্থায়ন এবং যৌথ প্রতিরক্ষা গবেষণার জন্য আরো ৫০ কোটি ডলার পাবে। অর্থাৎ, বছরে মোট ৩৮০ কোটি ডলার সহায়তা পাবে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নতুন চুক্তির শর্ত নিয়ে আলোচনা চলছে।  প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, পাঁচ বছর ধরে বার্ষিক সহায়তার পরিমাণ প্রায় একই রাখা হবে। এতে সরাসরি সামরিক সহায়তা বন্ধের আগে ইসরায়েল মোট প্রায় ১৬৫০ কোটি ডলার পাবে। যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নে যুক্তরাষ্ট্রের বার্ষিক ৫০ কোটি ডলারের সহায়তার পরিমাণ বাড়ানো হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

ওয়াইনেটনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ইসরায়েলকে সামরিক সহায়তা কমানোর বিপক্ষে। কারণ, এই অর্থের বড় অংশ যুক্তরাষ্ট্রের অস্ত্র কারখানাগুলোতে ব্যয় হয়, যা দেশটির শিল্প ও অর্থনীতিতে অবদান রাখে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই দেশ এখন সামরিক সহায়তার পরিবর্তে পারস্পরিক অংশীদারত্বের দিকে এগোচ্ছে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশন শুরুর আগেই চুক্তিটি চূড়ান্ত করতে চান আলোচকরা। তবে বাজেট জটিলতা ও রাজনৈতিক মতপার্থক্য নিয়ে উদ্বেগ রয়েছে। এছাড়া ভবিষ্যতে দুই দেশের সরকার পরিবর্তন হলে চুক্তিটির আইনি সমর্থনও প্রভাবিত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।