ক্যানসার আক্রান্ত জো বাইডেন কেমন আছেন?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়ছেন। শারীরিক অসুস্থতার কারণে নিজের নতুন বইয়ের প্রচার-প্রচারণায় আগের পরিকল্পনা অনুযায়ী অংশ নিতে পারবেন না তিনি। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা ও বইয়ের প্রচার নিয়ে এ কথা জানিয়েছেন বাইডেন।

তিনি বলেন, ‘কিছুদিন ভালো কাটে, আবার কিছুদিন খারাপ। অসুস্থতা আমাকে থামাতে পারেনি। তবে কখনো কখনো এটি আমার কাজের গতি কমিয়ে দেয়।’ বাইডেন আরও জানান, নতুন বই নিয়ে যতগুলো আলোচনা ও সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা করেছিলেন, এখন আর সেগুলো সব করা সম্ভব হবে না। তবে বইয়ের পাতায় লেখা কথাগুলোই পাঠকদের কাছে তার বক্তব্য তুলে ধরবে বলে আশা করছেন তিনি।

১৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে বাইডেনের বই

বাইডেনের নতুন স্মৃতিকথার নাম ‘প্রমিজ মি, আমেরিকা’। আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইটি পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাইডেন লিখেছেন, বইটিতে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সে সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ, নেওয়া সিদ্ধান্ত এবং সেসব সিদ্ধান্তের পেছনের কারণও তুলে ধরা হয়েছে। বইটিতে যুক্তরাষ্ট্রের পরিচয়, দেশটির মূল্যবোধ এবং বিশ্বে আমেরিকার ভূমিকা নিয়েও আলোচনা করেছেন তিনি।

হাড়েও ছড়িয়েছে ক্যানসার

২০২৫ সালের মে মাসে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান জো বাইডেন। হোয়াইট হাউজ ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে তার এই রোগ শনাক্ত হয়। তখন তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, বাইডেনের ক্যানসার তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক। তবে এটি হরমোনের প্রতি সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গত আগস্টে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের ছেলে হান্টার বাইডেন জানান, তার বাবার ক্যানসার হাড়সহ শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্টার বলেন, তাকে এভাবে অসুস্থ অবস্থায় দেখা খুবই কষ্টের। তিনি আরও বলেন, বাবার স্বাস্থ্যের বিষয়ে তার একটাই কথা, তিনি চান বাবা নিজের অসুস্থতা নিয়ে আরও বেশি কথা বলুন। কারণ, তার বাবার শারীরিক অবস্থা ভালো নয়।

৮৪ বছরে পা দেবেন বাইডেন

আগামী ২০ নভেম্বর ৮৪ বছরে পা দেবেন জো বাইডেন। বর্তমানে তিনি জীবিত সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে বারাক ওবামার দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন।

সূত্র: সিএনএন