ভারতের গুজরাট রাজ্যে ঐতিহাসিক মুসলিম মাজার ও স্থাপনা ভাঙার অভিযোগ উঠেছে। সম্প্রতি গির সোমনাথের পীর আহমেদ শাহ দরগাহ উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনকারীদের দাবি, কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা নিয়ম না মেনেই চতুর্দশ শতকের এই ঐতিহাসিক মাজার ও ফারসি শিলালিপি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমনাথ করিডোর প্রকল্পের কাজের জন্য এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
মামলার আইনজীবী আনন্দ ইয়াগনিক জানান, ওয়াকফ সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক আইন লঙ্ঘন করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এএসআই-এর সংরক্ষিত স্মৃতিসৌধ হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সঠিক অনুমতি নেওয়া হয়নি।
এর আগেও গির সোমনাথ এলাকায় একাধিক ইসলামিক মাজার ও বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই অঞ্চলে মুসলিম ঐতিহ্য ও ইতিহাস মুছে ফেলার একটি সুদূরপ্রসারী চক্রান্ত চলছে।
প্রশাসনের দাবি অনুযায়ী এটি সরকারি জমি উদ্ধারের অভিযান হলেও, ভুক্তভোগী ও আইনজীবীদের মতে এটি মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার অংশ। এই লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং আইন ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লড়াই বলে জানান তারা।
সূত্র: দ্য ওয়্যার