ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজায়ি। তাঁর এ বক্তব্যে ওয়াশিংটন-তেহরান আলোচনায় সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাধানের আশা দেখলেও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে অগ্রগতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন ওয়াশিংটনে আল জাজিরার প্রতিবেদক কিম্বারলি হ্যালকেট।
এক বিশ্লেষণে হ্যালকেট বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সাতটি শর্ত মেনে ‘আত্মসমর্পণ’ করতে রেজায়ির আহ্বান থেকে বোঝা যায়, তেহরান মনে করছে চলমান সংঘাতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এমন শর্ত মেনে নেবে কি না, তা নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। হ্যালকেটের মতে, ‘আত্মসমর্পণ’ শব্দটি ট্রাম্পের জন্য বিশেষভাবে অগ্রহণযোগ্য। তাঁর দুই মেয়াদে ট্রাম্পকে নিয়ে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিবেদক মনে করেন, এমন শব্দ ব্যবহার মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়াকে আরও কঠোর করতে পারে।
হ্যালকেটের ভাষায়, ট্রাম্প কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না। যদিও মার্কিন প্রেসিডেন্ট এখনো সমাধানের সম্ভাবনা দেখছেন, বাস্তবে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের মূল্যায়ন, সময় যত গড়াচ্ছে, দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ততই কম বলে মনে হচ্ছে। ফলে যুদ্ধবিরতির উদ্যোগ শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।