ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে নতুন করে ড্রোন হামলার পর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে শিয়া কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্কের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ইরাকি সংবাদমাধ্যম আল-মাদার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-মাদা জানায়, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে অনুমোদন চাইছেন আল-জাইদি। রোববার ও সোমবার খোর মোর গ্যাসক্ষেত্রে নতুন করে ড্রোন হামলার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করার অভিযোগ তুলে এই গোষ্ঠীটি প্রধানমন্ত্রী আল-জাইদি ও তাঁর সরকারের কয়েকজন সদস্যের সমালোচনা করেছিল।
১২ বার তদন্ত কমিটি, দায়ীদের শনাক্ত করা যায়নি
খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার ঘটনায় কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সঙ্গে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছেন আল-জাইদি। ২০২২ সাল থেকে এই গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা তদন্তে এটি সরকারের গঠিত ১২তম কমিটি।
তবে আল-মাদার প্রতিবেদনে বলা হয়েছে, আগের কোনো তদন্ত কমিটিই প্রকাশ্যে হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে বা তাদের বিচারের মুখোমুখি করতে পারেনি।
রোববার বিস্ফোরকবাহী একটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রে আঘাত হানে। এতে আগুন ধরে যায় এবং উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলার কারণে বিদ্যুৎ গ্রিড থেকে প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
কাতাইব হিজবুল্লাহ কারা?
কাতাইব হিজবুল্লাহ ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ২০০৯ সালে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার পর সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারের সম্ভাব্য পদক্ষেপ ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রভাবশালী সশস্ত্র সংগঠনগুলোর সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করেছে।
ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, তবে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরানোর প্রশ্নই উঠে না: বাঘাই